সিটিনিউজবিডি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য স্থগিত হওয়া চট্টগ্রামের ৬ উপজেলার ১৯টি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্নের পাশাপাশি সংঘাত ঠেকাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
৬ উপজেলার ১৬ ইউনিয়নের ১৯টি কেন্দ্রের মধ্যে হাটহাজারীতে ৫টি, সন্দ্বীপে ১টি, বোয়ালখালীতে ৪টি, পটিয়ায় ৫টি, আনোয়ারায় ১টি এবং সাতকানিয়ায় ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ১৯টি কেন্দ্রের প্রত্যেকটিতে ব্যালট পেপার ও বাক্স পৌঁছে দেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তারাও পৌঁছে গেছেন। গতবারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
১৯টি কেন্দ্রের মধ্যে ১৭টি জেলা পুলিশের অধীনে এবং বাকি দুইটি পটিয়া উপজেলায় হলেও সেগুলোর অবস্থান নগরীর কর্ণফুলী থানায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ১৭টি কেন্দ্রে আমরা ৫০০ ফোর্স মোতায়েন করছি। এর বাইরে আনসার থাকবে। ভোটারদের আসা যাওয়ার পথে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক কেন্দ্রে ৬ সদস্যের একটি মোবাইল টিম থাকবে। বড় ধরনের সংঘাত এড়াতে তিনটি কেন্দ্রে একটি করে ৭ জনের স্ট্রাইকিং টিম টহল দেবে। এছাড়া চেকপোস্ট ও সাদা পোশাকে পুলিশ সদস্য থাকবে।
যে কোন ধরনের সংঘাত আমরা কঠোরভাবে প্রতিহত করব। কোন ধরনের ছাড় দেয়া হবে না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, বলেন রেজাউল মাসুদ।
ভোটগ্রহণের সময় ১৭ কেন্দ্রের প্রত্যেকটিতে একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে ১০ জন পুলিশ সদস্য থাকবে। ১৭ জন আনসার ও একজন গ্রাম পুলিশের সদস্য মোতায়েন থাকবে।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, তাদের দুটি কেন্দ্রের প্রতিটিতে একজন পরিদর্শক, একটি উপ-পরিদর্শক, একজন উপ-সহকারি পরিদর্শক, একজন সুবেদার, দুজন নায়েক ও ১২ জন কনস্টেবল থাকবে। এছাড়া ১৭ জন আনসার থাকবে। ২টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে।
চলতি বছরের বিভিন্ন সময় চট্টগ্রামের এসব উপজেলায় ইউপি নির্বাচন হয়েছিল। তবে সহিংসতার জন্য কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মারধর করায় বাঁশখালী উপজেলার সব ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছিল। সেখানে এবারও নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
