মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : মহান জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মো: মানজারুল মান্নান’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোয়াজ্জেম হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর ফারুক সুফিয়ানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা বাইচ, বিভিন্ন খেলাধূলা, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রাঙামাটি স্টেডিয়ামে কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা হবে।
এই অনুষ্ঠানগুলো যথাযথভাবে উদযাপনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান বলেন, মহান বিজয় দিবস উদযাপনের জন্য সবাইকে কাজ করতে হবে। সেদিন প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তরের ভবনে এবং বিভিন্ন দোকান ও বসতবাড়িতে নিয়ম অনুসারে যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য তিনি আহ্বান জানান। এছাড়া বিভিন্ন অফিস-আদালতে সাজ-সজ্জা আয়োজন করার জন্যও তিনি আহ্বান করেন।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজে অংশগ্রহন বিষয়ে তিনি বলেন, রাঙামাটির সকল স্কুল-কলেজ এতে অংশগ্রহণ করবে তার পাশাপাশি প্রতিটি মাদ্রাসাকেও অংশগ্রহণ করতে হবে।
