সিটিনিউজবিডি : চট্টগ্রামে সরকারি চাল বিক্রির অনিয়মের অভিযোগে বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে তাদের দুদকের আগ্রাবাদ কার্যালয়ে ডেকে নেয়া হয়। এরপর তাদের আটক করা হয়েছে।
তিন খাদ্য পরিদর্শক হলেন, শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন। আটক হওয়া বাকি দুজন ডিলার সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম।দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো.আবু সাইদ বলেন, ডিলারের সঙ্গে কারসাজি করে চাল আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে পাঁচজনের বিরুদ্ধে। তাদের আমরা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলাম। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা তাদের আটক করেছি।
নগরীর সদরঘাট থানায় আটক পাঁচজনকে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে। এর আগে অভিযোগের সত্যতা পাবার পর গত১ নভেম্বর তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং তিন ডিলারের ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর।
