কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৮টার সময় রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্রী নিলুফা আক্তার (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুন্ড উপজেলার কুমিরা কাজীপাড়া এলাকার আবু তাহের মেম্বারের (সাবেক) মেয়ে নিলুফা আক্তার একই এলাকার মৃত আহাম্মদ মিয়া সওদাগরের পুত্র নাজমুল আহসান রেজভীর (২৬) সাথে ২ বছর ধরে প্রেম করে আসছিল। কিন্তু উভয়ের পরিবার তাদের মেনে না নেওয়ায় গতকাল শুক্রবার দুপুর বেলায় নিলুফা আক্তারের প্রেমিক নাজমুল আহসান রেজভী আত্মহত্যা করেন। ময়নাতদন্ত ছাড়া সামাজিক ভাবে নাজমুলকে দাফন করা হয়েছে। প্রেমিকের আত্মহত্যার আঘাত সইতে না পেরে প্রেমিকা নিলুফা আক্তার শনিবার সকালে ভাটিয়ারী বিজয় স্মরনী কলেজে যাওয়ার কথা বলে ভাটিয়ারী এলাকায় রেল লাইনে গিয়ে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
সূত্রে আরো জানা যায়, গত তিন বছর আগে নিলুফা আক্তারের সাথে উপজেলার বাড়বকুন্ড এলাকার একটি ছেলের সাথে প্রেমের পর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেটিও একপর্যায়ে ভেঙ্গে যায়। গত দুই বছর আগে নিলুফা আক্তার নাজমুলকে পেয়ে নতুন করে জীবন সাজাতে চেয়েছিল কিন্তু তাতেও তাদের ভাগ্যে বাধসাধে। আর তাই প্রেমিক নাজমুল আত্মহত্যা করায় হতাশা গ্রস্ত হয়ে নিজের জীবনকেও নিঃশেষ করে দিলেন প্রেমিকা নিলুফা আক্তার।
কুমিরা রেল ষ্ট্রেশন মাস্টার সাইফুদ্দিন বশর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশটি জিআরপি পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।
এ বিষয়ে বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর বলেন, মেয়েটি আমাদের কলেজের ছাত্রী ছিল কিন্তু কি কারণে ট্রেনে কাটা পড়েছে সেটা আমরা জানিনা।
