মিতু হত্যা মামলা : অস্ত্র মামলার চার্জ শুনানি ২২ নভেম্বর

0

দিলীপ তালুকদার : গৃহবধূ মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র মামলার চার্জ শুনানি গতকাল হয়নি। মহানগর দায়রা জজ মো. শাহেনূর ছুটিতে থাকায় চার্জ শুনানি হয়নি। পরবর্তী তারিখ ২২ নভেম্বর ধার্য করা হয়েছে। এর আগে সিএমএম আদালত থেকে মামলার নথি দায়রা আদালতে আসার পর ১৩ নভেম্বর শুনানীর দিন ধার্য করেন।

অস্ত্র মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা বাকলিয়া থানার এসআই মো. মহিম উদ্দিন ২৮ জুলাই অস্ত্র আইনের ১৯(এ) ধারার অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেন। এরা হচ্ছেন অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলা (৪১) ও রিকশা চালক মনির হোসেন ওরফে মনির।
২৮ জুন নগরীর রাজাখালীর ভোলার কলোনি থেকে মিতু হত্যা মামলায় ব্যবহৃত একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো. কামরুজ্জামান বাদি হয়ে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা (৫৮(৬)২০১৬) দায়ের করেন।

প্রসঙ্গতঃ এ বছর ৫ জুন সকালে শিশু সন্তান মাহিরকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে ওআর নিজাম রোড জিইসি মোড়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় এসপি বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা (০১(০৬)২০১৬) দায়ের করেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.