আব্দুল মান্নান আসিফ : একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য আইসিটি এখন হাতিয়ার এবং এ হাতিয়ার ব্যবহারে মেয়েদেরকেও দক্ষ হয়ে উঠতে হবে। প্রোগ্রামিং-এর মতো সেক্টরগুলোতে মেয়েদের যোগ্যতা প্রমাণের অনেক সুযোগ রয়েছে এবং একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সেই কাজে সফল হওয়া যায়। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় এর ইঞ্জিনিয়ারিং স্কুল এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর ঊদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী মেয়েদের জন্য গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্পের সমাপনীতে অতিথিরা অংশগ্রহণকারীদের এভাবে উদ্ভুত্ত করেন।
ক্যাম্প শেষে চট্টগ্রামে মেয়েদের হাতে সদনপত্র তুলে দেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ড বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী ও চট্টগ্রামের আনোয়ারার সাংসদ ওয়াসিকা আয়েশা খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াত নন্দিত সাহিত্যিক ড. হুমায়ুন আহমেদ এর মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নোভা আহমেদ, সিআইইউ এর ইঞ্জিনিয়ারিং স্কুল এর ডীন ড. নুরুজ্জামান ও সহকারী অধ্যাপক এমরান হারুন প্রমূখ।
মেয়েদের কম্পিউটার বিজ্ঞান তথা কম্পিউটার প্রোগ্রামিং-এ আগ্রহী করে তোলা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণের হার বাড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে প্রোগ্রামিং প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের প্রয়োজন অপরিসীম বলে মন্তব্য করেন ড. নোভা আহমেদ।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা তিনদিন ধরে প্রোগ্রামিং-এর বিভিন্ন খুটিনাটি বিশেষ করে ডেটা স্ট্রাকচার, এলগরিদম এবং বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতার সমস্যা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে।
ইঞ্জিনিয়ারিং স্কুলের সহকারী অধ্যাপক এমরান হারুন বলেন সি,আই,ইউ সবসময় চট্টগ্রামের ছাত্রছাত্রীদের কল্যানে নিয়মিত প্রোগ্রামিং ট্রেনিং ও কন্টেস্ট আয়োজন করে থাকে।
