স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর যাবজ্জীবন

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় ২২ বছর আগে স্ত্রী হত্যার দায়ে একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন বৃহস্পতিবার এ রায় দেন।

পাশাপাশি পলাতক আসামি সাবের আলীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আসামি সাবের আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।

মামলার অন্য দুই আসামি- সাবের আলীর দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম এবং তার আত্মীয় জামাল হোসেনকে খালাসের আদেশ দিয়েছে আদালত।

১৯৯৪ সালের ১ অক্টোবর নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে সাবের আলীর প্রথম স্ত্রী আরজু বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন আরজুর বাবা নাজির হোসেন ওই তিন জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় বলা হয়, সাবেরের দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক কলহের জের ধরে আরজু বেগমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

এই মামলায় পাঁচলাইশ থানার এসআই জয়নাল আবেদিন ১৯৯৫ সালের ১২ অক্টোবর অভিযোগপত্র জমা দেন; ১৯৯৭ সালের ২০ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করা হয়।

পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, এই মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিয়েছেন।

মামলার বাদি সাক্ষ্য দিলেও রায় ঘোষণার দিন আদালতে আসেননি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.