সিটিনিউজবিডি : প্রমা আবৃত্তি সংগঠন প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে । আগামী ২৩ নভেম্বর (বুধবার) থেকে তিনদিনের এই উৎসব শুরু হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-বাংলাদেশ ও ভারতের বরেণ্য আবৃত্তিশিল্পীদের একক ও বৃন্দ পরিবেশনা, শোভাযাত্রা, শ্রুতি নাটক, সংগীত, কবিতা পাঠ, প্রীতি সম্মেলন, কথামালা, ঢোলবাদন, আতশবাজি প্রজ্জ্বলন, ফানুস ওড়ানোসহ নানা আয়োজন।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে প্রমা আবৃত্তি সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে রাশেদ হাসান আরও বলেন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে তিনদিনব্যাপী এ বর্ণাঢ্য রজতজয়ন্তী অনুষ্ঠান ২৩ নভেম্বর বিকেল ৪টায় উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, জেলা প্রশাসক সামসুল আরেফিন, ভারতীয় হাই কমিশনার সোমনাথ হালদার, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহাবুবুল হক, শহীদ জায়া বেগম মুশতারী শফি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, কবি ও সাংবাদিক ওমর কায়সার সহ আরো অনেকে।
তিনি আরও জানান, ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আয়োজিত রজতজয়ন্তী উৎসবে ভারত ও বাংলাদেশের ৫০ জন আবৃত্তিশিল্পী আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করবেন। এছাড়াও ৭টি সংগঠন বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে।
প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম চট্টগ্রামের ব্যুরো এডিটর ও বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, তারা টিভি চট্টগ্রামের বিভাগীয় প্রতিনিধি ও সিইউজের সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি সুনীল ধর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রমা আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি কংকন দাশ, জেরিন মিলি, স্বপন দাশ, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
