সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রচুর পরিমান বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবি’র ৪ নারী আটক সদস্যর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আজ (২৭ নভেম্বর) রোববার বেলা ১১ টায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জেএমবির এই ৪ নারী সদস্যকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে বিচারক মো. জাফরোল হাসান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এরা হলেন— নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের রুমানা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১)। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবি’র এই ৪ নারী সদস্যকে আটক করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১৩ ধারায় মামলা (মামলা নং জিআর ৪৯৫/১৬) দায়ের করেন। এই মামলায় আজ রোববার হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন আদালত।
