আন্তর্জাতিক : প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে কিউবার পূর্বাঞ্চলীয় শহর সান্টিয়াগোতে জমায়েত হয় লাখো মানুষ। কিউবায় টানা নয় দিনের শোক শেষে রোববার কাস্ত্রোকে শেষ বিদায় জানিয়েছেন কিউবার সর্বস্তরের নাগরিক।
গোটা অনুষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন তার ভাই এবং কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। এই প্রক্রিয়া শেষে সেখানেই তাকে সমাহিত করা হয়। ফিদেলকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন যোগ দেন আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো মারাডোনাসহ ভেনিজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের নেতারাও এতে অংশ নিয়েছেন। । গত ২৫ নভেম্বর ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফিদেল কাস্ত্রো। পরদিন তার ইচ্ছানুযায়ী শবদাহ করা হয়। এরপর দেহভস্ম ঘোরানো হয় সারা দেশে।
৪৯ বছর ধরে কারিশমা ও লৌহকঠিন ইচ্ছাশক্তি দিয়ে দেশ শাসন করেছেন ফিদেল। পুঁজিবাদের কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রের নাকের ডগায় একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে যুগের পর যুগ ধরে তাকে মর্যাদার সঙ্গে টিকিয়ে রেখেছেন। ২০০৬ সালে স্বাস্থ্যগত কারণে বিপ্লবী সঙ্গী ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে অবসর জীবনযাপন করছিলেন ফিদেল। আর ১০ বছর পর পৃথিবী থেকেই অবসরে গেলেন তিনি।
