সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, রাস্তায় গাড়ি পোড়ানো, মানুষ মারা, অগ্নিসংযোগ করা মানুষের দেশপ্রেম হতে পারে না। তিনি আজ চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নগরীর পাহাড়তলী কলেজে মুক্তিযুদ্ধ স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তারা হয়ত অনেকে মারা গেছে, অনেকেই বেঁচে আছে। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ে জানানোর জন্য সরকার শিক্ষার সকল স্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত পাঠ্যবিষয় নির্ধারণ করেছেন। দেশ অর্থনৈতিক ভাবে সাবলম্বী হচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, আমরা যে কষ্টের বিনিময়ে স্বাধীনতা পেলাম, এ স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আমাদের ছাত্র সমাজকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে পারলে এরাই হবে দেশ পরিচালনার প্রধান শক্তি।
পাহাড়তলী কলেজের অধ্যক্ষ হাসান খানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, জেলা ইউনিট কমান্ডার সরোয়ার কামাল নুরু, মহানগর কমান্ডার মোজাফ্র আহম্মদ।
