নিজস্ব প্রতিবেদক : গরীর আকবরশাহ থানার কর্নেলহাটের মুকিম তালুকদার পাড়ার একটি জঙ্গি আস্তানা থেকে ৩ জঙ্গিকে আটক করেছে র্যাব। এসময় জঙ্গি আস্তানা থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ জানান, বুধবার রাতে চট্টগ্রামের এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে কর্নেলহাটের ওই বাড়ি ঘিরে ফেলেন র্যাব সদস্যরা।
একজন র্যাব কর্মকর্তা জানান, বাইরে থেকে তারা ভেতরের লোকজনকে বেরিয়ে আসার আহ্বান জানালেও তাতে সাড়া না দিয়ে এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। সকাল সোয়া ১০টার দিকে ওই বাড়িতে ঢুকে র্যাব সদস্যরা তিনজনকে আটক করে। ওই সময় র্যাবের বোমা নিস্ক্রিয়করণ দলকেও ওই বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এখন পুরো আস্তানা তল্লাশি চালিয়ে দেখা হবে। গতকাল থেকে আমরা মোট ৫ জন সদস্যকে আটক করি।
