চট্টগ্রামে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৫

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের পাহাড়তলী থানার কর্নেলহাটের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ওই এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করেন র‌্যাব-৭-এর সদস্যরা।

জঙ্গি আস্তানা থেকে ১০টি জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম, দুই ধরনের ৮টি বোমা, রাসায়নিক পদার্থ, দুটি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের অভিযানের সময় মোবাইল ও ল্যাপটপ পুড়িয়ে ফেলে জঙ্গিরা।

র‌্যাবের গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিনকে আটক করা হয়। তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে সকালে কর্নেলহাটের ওই বাড়িতে অভিযান চালানো হয়। শুরুতে বাইরে থেকে ভেতরের লোকজনকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়। তাতে সাড়া না দিয়ে জঙ্গিরা বাড়ির ভেতর থেকে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরো বলেন, সকাল সোয়া ১০টার দিকে ওই বাড়িতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল প্রবেশ করে। অভিযান শেষে ওই বাড়ি থেকে জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য, বোমা ও ল্যাপটপ জব্দ করা হয়। পরে জঙ্গি আস্তানা থেকে নুরে আলম, হাফেজ আবু জার গিফারি ও ইফতিশাম আহমেদকে আটক করা হয়। এরা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি মাইনুল ইসলামের সহযোগী।’

চট্টগ্রাম র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহাম্মেদ বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে তারা বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে যায়। ডিসেম্বরের ১ তারিখে তারা বাসায় ওঠে। বাড়ির মালিককে তারা বলেছিল- বাসায় ওঠার কিছুদিনের মধ্যেই ফ্যামিলি নিয়ে আসবে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে তারা এখানে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, জঙ্গি আস্তানা থেকে ১০টি জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম, দুই ধরনের ৮টি বোমা, রাসায়নিক পদার্থ, দুটি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোবাইল ও ল্যাপটপ পুড়িয়ে ফেলে জঙ্গিরা।

ওই বাড়ির মালিক হাজী মনসুর আহমেদ ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড অফিসের দারোয়ান পদে চাকরি করেন। বর্তমানে তিনি পলাতক আছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.