সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সরবরাহ সবচেয়ে অগ্রগামী। এই বিদ্যুৎ উৎপাদন সংস্থাকে খন্ড বিখন্ড করা যাবে না। তাদেরকে আরো পাঁচ বছর সময় দেওয়া হউক, তাদের যোগ্যতা অনুযায়ী। এরা অদম্য বাংলাদেশের প্রতিনিধি। আমি তাদের পাশে আছি এবং তাদের পাশে থাকবো।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আয়োজনে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে আয়োজিত অদম্য বাংলাদেশ এই স্লোগানে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদ্যুতের অপচয় রোধ করতে এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানান। তিনি বিদ্যুৎ সপ্তাহের সফলতা কামনা করেন এবং গ্রাহকদের জাতীয় স্বার্থে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মকবুল হোসেনসহ বিউবোর উর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) চট্টগ্রাম মহানগর শাখা, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখার নেতৃবৃন্দ।
পরে র্যালী ও বিদ্যুৎ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী।
