চবি ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কৃত

0

সিটিনিউজবিডি : কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় নেতা স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছেন।

এরা সবাই বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী। টিপু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা রোববার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয় শাখার ছয় নেতাকে বহিষ্কারের কথা নিশ্চিত করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় ছয়জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- বিশ্ববিদ‌্যালয় সহ-সভাপতি মো. রাকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ ও সদস্য আরিফুল হক টিপু।

বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সহ সম্পাদক দিয়াজ ইরফানের ঝুলন্ত লাশ ক‌্যাম্পাস এলাকায় তার বাসা থেকে উদ্ধারের পর সংগঠনটির বিভিন্ন পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়।

দিয়াজকে হত‌্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় বলে সংগঠনটির এক পক্ষের অভিযোগ। দিয়াজের মায়ের করা মামলায় সভাপতি টিপুকেও আসামি করা হয়েছে।

দিয়াজের মৃত‌্যুর পর ছাত্রলীগের কোন্দল এবং সংঘর্ষের ঘটনা তদন্তে চার কেন্দ্রীয় নেতা চট্টগ্রাম এসেছিলেন। তারা হলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, সাকিব হাসান ও যুগ্ম সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল।

তাদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম জেলা এসপি কার্যালয়ের সামনে টিপুর অনুসারীরা বিশ্ববিদ‌্যালয়ের দুই নেতা আবু সাঈদ মারজান ও আজিজুল হকের উপর হামলা চালায়।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার বলেন, “কেন্দ্রীয় নেতাদের প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।”

গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.