চকরিয়ায় দূর্নীতি বিরোধী নানা শ্রেণি-পেশার মানুষের র্যালি
চকরিয়া প্রতিনিধি : চকরিয়ায় নানা শ্রেণি-পেশার মানুষ নিয়ে র্যালির মাধ্যমেই প্রদর্শিত হয়েছে একখন্ড বাংলাদেশের ছবি। দুর্নীতি বিরোধী প্রচারণার দিনব্যাপী নানা আয়োজনের একটি অংশ ছিল এই র্যালি। বিকালে বিজয় মঞ্চে চলে দূর্নীতি বিরোধী সাংস্কৃতি অনুষ্ঠান।
সোমবার সকাল ১০টার দিকে র্যালিটি বের করা হয়। র্যালি ছাড়াও মহাসড়কে মানববন্ধন, বিজয় মঞ্চে আলোচনাসভা, কবিরগান, আঞ্চলিক গান, কবিতাপাঠসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় দুর্নীতি প্রতিরোধ দিবস।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চকরিয়া উপজেলায় ব্যতিক্রমধর্মী এ র্যালির আয়োজন করে দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি চকরিয়া ও দুদকের অনুপ্রেরণায় গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটি। র্যালির সামনে বাংলাদেশের পতাকা, পিছনে শতশত শ্রেণিপেশার মানুষের হাতেও একটি করে ছোট বাংলাদেশ, আবার কারো হাতে ছিল দুর্নীতি থামান লেখা সম্বলিত প্ল্যাকার্ড।
সনাক সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালি পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবউল করিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক ওমর আলী, সাংবাদিক আবদুল মজিদ, সনাক সদস্য অধ্যাপক সাহাব উদ্দিন, জিয়াউদ্দিন জিয়া, রূপম কুমার সুশীল, এনজিও কর্মকর্তা মোহাম্মদ নোমন, স্বজন সদস্য এইউএম শহীদু্ল্লাহ এবং সরকারি ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ প্রমুখ।
