পাপাচার মুক্ত পরিশুদ্ধ জীবন ও পরিবর্তনের অগ্রযাত্রায় আমাদের ব্রত হতে হবে- আরেফিন সিদ্দিকী
সিটিনিউজবিডি : মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকী বলেছেন, পাপাচার মুক্ত পরিশুদ্ধ জীবন এবং আগামীর পথে পরিবর্তনের অগ্রযাত্রায় আমাদেরকে একান্তভাবে ব্রত হতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন তা এখন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণাঙ্গতা পাচ্ছে। তাই আমাদেরকে বিজয় আনন্দে শুধু তৃপ্ত হলে চলবে না বিজয়কে অর্থবহ করার জন্য মানুষের হৃদয়কে জয় করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের গরিবী পরিচয় মুছে গেছে। খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রূপকল্প ২১ ও ৪১ বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন সামনের দিকে এগোচ্ছে। এই অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তারা রাষ্ট্রদ্রোহী। তাদের সঙ্গে সবধরণের সামাজিক সম্পর্ক বয়কট করতে হবে। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তোমরা বিভ্রান্তির চোরাবালিতে পা ডুবাবে না। যদি তা-ই করো তাহলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। এ কারণে তোমাদেরকে সত্য, সুন্দর ও প্রগতির পথে ধাবিত হতে হবে। তাহলে বাংলাদেশ পৃথিবীতে একটি আলো ঝলমল ভূখন্ড হিসেবে অভিষিক্ত হবে।
স্মৃতিচারণ সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সি.ইন.সি (স্পেশাল) এর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় মঞ্চে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: আজিজুল হক সিদ্দিকী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য, আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু ও সাংবাদিক নাসিরুল হক।
পরে বিজয় মঞ্চে গান পরিবেশন করেন দেশখ্যাত সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু ও তার দল (এল.আর.বি)। নৃত্য পরিবেশনা করেন পোর্টসিটি ইউনিভার্সিটি কালচারাল ফোরাম ।
