ফের জামিন পেলেন শফিক রেহমান

0

সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়কে ‌‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্র’ মামলায় ফের নতুন করে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

হাইকোর্টের নির্দেশনা অনুসারে আজ বুধবার ঢাকার মুখ‌্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে নতুন করে জামিনের আবেদন করেন তিনি। জামিন আবদেনের শুনানি শেষে আদালতের বিচারক সাদবির ইয়াছির আহসান চৌধুরী এ মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত শফিক রেহমানের জামিন মঞ্জুর করেন।

শফিক রেহমানের পক্ষে আদালতে শুনানি করেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে প্রধানমন্ত্রী ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় হাইকোর্টে ৭ জুন তার জামিন আবেদন খারিজ হয়।

পরে ৩১ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শফিক রেহমানের আপিল মঞ্জুর করে শর্তসাপেক্ষে জামিন দেন।

পাঁচ মাস জেলে কাটানোর পর আপিল বিভাগের জামিনে ৬ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ওই জামিনের মেয়াদ শেষে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা ও জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবার আবেদন করে শফিক রেহমান।

পরে ৮ ডিসেম্বর তার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ জামিনের জন‌্য শফিক রেহমানকে বিচারিক আদালতে যেতে বলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.