সিটিনিউজবিডি : স্কুল অব সায়েন্স বিজনেস এন্ড হিউম্যানিটিজ এসএসবিএইচ এবং সিএসবিএইচের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ‘অশ্র“সিক্ত বিজয়ের কথা’ অনুষ্ঠান আজ ১৪ ডিসেম্বর বুধবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসএসবিএইচ ও সিএসবিএইচের চেয়ারম্যান মেহরাব মাসুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে। তাই তাদের মাঝে শিক্ষাজীবন থেকেই সততা, নীতিবোধ, ও দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। শিক্ষার্থীরা যাতে সংযত, নম্র, সৎ ও বিনয়ী হয় এজন্য পিতা-মাতা শিক্ষক ও বড়দেরকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সব কিছুই নিয়তের ওপর নির্ভরশীল। প্রধানমন্ত্রীর নিখাদ দেশপ্রেম, সঠিক নিয়ত ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদেরকে বড় স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে মেহরাব মাসুক বলেন, মেধা ও যোগ্যতা ছাড়া একটি জাতি কখনো দাঁড়াতে পারে না। বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ গড়া প্রয়োজন। তিনি এসএসবিএইচের শিক্ষাবান্ধব নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কুলের পরিচালক ফাহিমা জিশান।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন স্কুলের পরিচালক ফাহিমা জিশান, অধ্যক্ষ অজিত প্রসাদ চৌধুরী, অধ্যক্ষ অজিত কুমার শীল, অধ্যাপক মৃদুল কান্তি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুলক দেব দাশ ও লুবাবা ফেরদৌসি সাইকা।
অন্যান্য বক্তারা শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের আলোকে সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নৃত্য-আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
