ঢাকা : ঢাকার পলাশী মোড়ের কাছে একটি প্রাইভেটকার থেকে গুলি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়াকে।
শনিবার গভীর রাতে ওই ঘটনার পর দেড়টার দিকে যুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
তিনি বলেন, “গুলি লেগেছে যুবায়েরের ডান উরুতে। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাবেক সহসভাপতি এম এম সাঈদ ওই ঘটনার সময় যুবায়েরের সঙ্গে ছিলেন।
জহিরুল জানান, রাত পৌনে ১টার দিকে পলাশীর মোড়ে চা খেয়ে তারা তিনজন মোটর সাইকেল করে হলের দিকে ফিরছিলেন। ব্যানবেইসের কাছে একটি প্রাইভেট কার রাস্তার মাঝখানে এসে তাদের পথ আটক দেয়। “সন্দেহ হওয়ায় আমি মোটর সাইকেলে ইউ টার্ন নেই। তখন পেছন থেকে আমাদের দিকে গুলি করে। পরে ফুলার রোডের কাছাকাছি এসে পেছনে বসা যুবায়ের বলে, ওর গুলি লেগেছে। পরে মেডিকেল নিয়ে যাই।” তবে কে বা কারা এ হামলা করতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ছাত্রলীগ নেতা জহিরুল।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিসের একটি অনুষ্ঠানে রোববার সকালে সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতার উপর গুলি কারা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
