সিটিনিউজবিডি : দেশের সংস্কৃতিকর্মীদের আর্থিক সংকট দূর করতে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, মন্ত্রী ও ব্যক্তি হিসেবে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ওবায়দুল কাদের।
রোববার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র সরোবরে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার আগে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে নানামুখী সমস্যার সস্মুখীন হতে হয়। আসলে আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে আর্থিক সংকট প্রকট। সংস্কৃসেবীদের যে মূল্যায়ন পাওয়া দরকার, সেটা তারা পাচ্ছেন না। এটাই হলো বাস্তবতা।’
প্রাক্তন এই যুব, ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী বর্তমান সংস্কৃতিমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমাদের সংস্কৃতিমন্ত্রী তো সংস্কৃতিরই লোক। আপনাদেরই লোক। আমি তাকে অনুরোধ করব, বিষয়টিতে নজর দেওয়ার জন্য। আমি যখন সংস্কৃতিমন্ত্রী ছিলাম, বিভিন্নভাবে বেশকিছু দান-অনুদানের ব্যবস্থা করেছি। আমি দুস্থ শিল্পী বলিনি। আমি শিল্পীকল্যাণ ভাতা হিসেবে সংস্কৃতিসেবীদের দান-অনুদানের ব্যবস্থা করেছি। সাংস্কৃতিক কর্মীদের এত অবদান, তবু তারা এ ধরনের কোনো প্রোগ্রামে আসলে তাদের দিকে তাকালে, গরিব গরিব একটা চেহারা ভেসে ওঠে। এটা খুব কষ্টদায়ক। এরা অনেকে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। জাগরণ-গণজাগরণে গানে গানে, সুরে সুরে দেশকে সংগ্রামে, আন্দোলনে শাণিত করেছেন। স্বাধীনতার সংগ্রামকে ত্বরান্বিত করেছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘যা হোক, আমি আপনাদের পাশে আছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও আছি। মন্ত্রী ও ব্যক্তিগতভাবেও সাহায্য করার মানসিকতা আমার আছে। সেটা আমি মুখে বলতে চাই না।’
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র সরোবরের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে আলোকস্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, ‘আমার মনে হয়, আরেকটু পয়সা খরচ করলে আরো ভালো করা যেত। এটা আমাকে বললে, ব্যবস্থা করে দিতাম। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে আলোকস্বল্পতা দূর করতে হবে।’
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশে নবজাগরণের যে ঢেউ, এটি মাঝখানে ২১টি বছর হারিয়ে গিয়েছিল। তখন ছিল ভয়াবহ অন্ধকার। চরম দুঃসময়। সেই অমাবশ্যায় সংস্কৃতিকর্মীরা আলো ছড়িয়ে দিয়েছিল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরণ্যে শিল্পী বারী সিদ্দিকী, রামেন্দু মজুমদার, মনোরঞ্জন ঘোষালসহ অনেক শিল্পী গান পরিবেশন ও কবিতা পাঠ করেন। দলের নেতা-কর্মীদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
