আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় উপজেলার বটতলী ইউনিয়নের পরীরবিল এলাকার পাশাপাশি দুটি ইটভাটা থেকে এসব জরিমানা করা হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বটতলী গ্রামের পরীরবিল এলাকার কর্ণফুলী ব্রিকস নামের একটি ইটভাটায় পরিবেশ আইন না মেনে ভাটা এলাকা থেকে মাটি ও বালু তুলে ইট তৈরীর দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর একটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই ভাটার পাশে অননুমোদিত শাহ মোহছেন আউলিয়া ব্রিকস নামের আরেকটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ভাটাটি চলতি বছর স্থাপন করা হয়েছে তিন ফসলি জমিতে।
আনোয়ারা উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, একটি ভাটা পরিবেশ আইন ভঙ্গ করেছে এবং আরেকটি ভাটা অবৈধভাবে স্থাপন করায় অভিযান চালানো হয়েছে। অন্যান্য ভাটাও অভিযান চালানো হবে।
