যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

0

সিটিনিউজবিডি : রাজশাহীতে স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলায় আহসান হাবিব (২৩) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক শাহনাজ পারভীন এই আদেশ দেন।

আহসান হাবিব বর্তমানে পুলিশের রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত আছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার দুবইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী রইসুল ইসলাম জানান, বুধবার হাবিব আদালতে হাজিরা দিতে আসলে তার আইনজীবী ইশতেকার আহমেদ শ্যামল আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে কারাগারে পাঠানো হয়। তবে এ দিন হাবিবের বাবা আশরাফুল ইসলাম আদালতে হাজির হননি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম মাসুদ পারভেজ জানান, গত ২৯ নভেম্বর দায়ের করা প্রতারণার মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ১২ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, ‘কোনো পুলিশ সদস্য ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গেই তিনি বরখাস্ত হয়ে যান। তবে কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে চুড়ান্তভাবে তাকে বরখাস্ত করা হয়। আহসান হাবিবের ক্ষেত্রেও তাই হবে।’

উল্লেখ্য, গত বছরের ৭ জুন আহসান হাবিব জেলার মোহনপুর উপজেলার কালিগ্রামের রফিকুল ইসলামের মেয়ে রাজিফা খাতুন ওরফে মনিকে (১৯) বিয়ে করেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। এরই মধ্যে বিয়ের কথা গোপন করে তিনি পুলিশে যোগ দেন। বাবার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে দেওয়ার জন্য হাবিব মনিকে চাপ দিতেন। মনির বাবা টাকা দিতে না পারায় হাবিব বিয়ের কথা অস্বীকার করেন। এরপর সম্প্রতি মনি তার নামে প্রতারণা ও যৌতুকের আলাদা দুটি মামলা করেন। যৌতুকের মামলাটিতে হাবিবসহ তার বাবা আশরাফুলকেও আসামি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.