চট্টগ্রামে স্যাটেলাইট ফোন,কোটি টাকার রাডার যন্ত্রপাতি জব্দসহ আটক ৪

0

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম পাহাড়তলী থানার গোলাম মোস্তফা মার্কেটে অভিযান চালিয়ে স্যাটেলাইট ফোন, হাই ফ্রিকোয়েন্সি সেটসহ বিপুল পরিমাণ অবৈধ কমিউনিকেশন ও রাডার যন্ত্রপাতিসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৭। শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর ১ টা পর্যন্ত বিটিআরসি এবং জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেটের সহায়তায় মেজর এস এম সুদীপ্ত শাহীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন-মো. শফিকুল ইসলাম (৪৫), মো. শামছুল আলম (৫০), মো. লিটন (৪৫), মো. জুয়েল (২৮)।

অভিযানে পাহাড়তলীর গোলাম মোস্তফা মার্কেটের হজরত শাহজালাল এন্ট্রারপ্রাইজ, সাকিব মেরিন ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, এস কে মেরিন, জুয়েল নূর ভবন এবং মা মেরিন ইলেকট্রনিক্সে অভিযান চালিয়ে ৩৪টি স্যাটেলাইট ফোন, ১৩২টি রেডিও সেট, ২টি ফার্ণো রেডিও এরিয়াল, ২টি জেআরসি র‌্যাডার এন্টেনা, ৩টি ট্রান্সমিশন ইউনিট, ৪টি ব্রিজ এ্যালার্ম, ৫টি রিসিভার, ১টি সেইলর সেট কমিউনিকেশন টার্মিনাল, ৮টি এন্টেনা, ৪টি পাওয়ার সাপ্লাই ইউনিট, ২টি জেআরসি প্রিন্টার, ২টি কি-বোর্ড, ৯টি হ্যান্ডসেট, ২২টি র‌্যাডার ডিসপ্লে, ৭টি ডোপলার লগ, ৭৬টি জিপিএস নেভিগেটর, ১১৭টি নেভটেক্স রিসিভার, ৭টি এআইএস, ৬টি ফার্ণো এন্টেনা উইথ রিসিভার, ৪টি পাইরোটেকনিক আইটেমসহ বিপুল পরিমাণ কমিউনিকেশন এবং নেভিগেশনাল যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কমিউনিকেশন এবং নেভিগেশনাল যন্ত্রপাতির আনুমানিক মূল্য ৮ কোটি টাকা বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র এএসপি সোহেল মাহমুদ বলেন, বিদেশ থেকে কোন জাহাজ স্ক্রাব হিসাবে আনলে ২৪ ঘন্টার মধ্যে নৌবাহিনীকে জানাতে হয়। এই সকল জাহাজে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি থাকে। নৌবাহিনীর সদস্যরা সেখান থেকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেই ধরনের যন্ত্রপাতি জব্দ করে।

তিনি বলেন, একটি অসাধু চক্র নৌ বাহিনীকে না জানিয়ে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি বাজারে বিক্রয় করে দেয়। সরকারি লাইসেন্স ছাড়া কারও কাছে এসব সরঞ্জাম রাখা অবৈধ। এজন্য আমরা তাদের আটক করে সরঞ্জামগুলো জব্দ করেছি। যে সব স্যাটেলাইট ফোন, অয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে সেগুলো পাহাড়ি এলাকার সন্ত্রাসীরা ব্যবহার করেন বলে জানিয়েছেন তিনি। সন্ত্রাসীরা যদি এই সব যন্ত্রপাতি হাতে পায় তবে সেটা অনেক বড় হুমকির কারণ হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.