বরকল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত ও মহান মুক্তিযুদ্ধের ট্রেনিংস্থল চন্দনাইশস্থ অর্ধশতবর্ষের ঐতিহ্যবাহী বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের দেওয়াল ভেঙ্গে অবৈধভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের প্রতিবাদে গত ৩ জানুয়ারী চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল বরকল এস জেড উচ্চ বিদ্যালয় স্কুল ও মাঠ রক্ষা কমিটির আহবায়ক এ এম এস ইসলামাবাদী গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সচিব প্রেসিডেন্ট স্কাউট মঈনুদ্দিন জুয়েল’র সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিজেকেএস’র পরিচালক ও চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পরিবেশবিদ অধ্যাপক ইদ্রিস আলী, কবি ও লেখক অভীক ওসমান, সাবেক ছাত্রনেতা এ কে এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান শিবলী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, বরমা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু, রাজনীতিক কালাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক একরাম হোসেন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সেলিম হোসেন, সাবেক সিটি কলেজ ছাত্রলীগ নেতা খোরশেদ আলম টিটু, সমাজ কর্মী শফিকুল ইসলাম রাহী, জিল্লুর রহমান চৌধুরী, চাঁদের হাট চট্টগ্রামের সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী, জামশেদুল ইসলাম, মেজবাহ উদ্দিনসহ সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ ছাড়াও বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, চন্দনাইশের বরকল ইউনিয়নে এস জেড উচ্চ বিদ্যালয় ৫৭ বছরের ঐতিহ্যের স্মারক। বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, উপমহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের ট্রেনিং স্থল হিসেবে ঐতিহ্য ধারণ করছে। কিন্তু তথাকথিত স্কুল পরিচালনা কমিটি কর্তৃক খেলার মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণ অসভ্যতারই পরিচায়ক। এই মাঠটি বরকল ও বরমা ইউনিয়নের একমাত্র এবং উপজেলার সবচেয়ে বড় খেলার মাঠ।
বিভিন্ন জাতীয়, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন ছাড়াও এটি এলাকাবাসির মিলনকেন্দ্র। এ মাঠে নিয়মিত ক্রীড়া চর্চা হওয়ায় এলাকার কিশোর ও তরুণেরা মাদক ও সন্ত্রাসী কাজ হতে বিরত রয়েছে। বক্তারা বরকল এস জেড উচ্চ বিদ্যালয় তথা দক্ষিণ চট্টগ্রামের অন্যতম এই বিদ্যাপিঠকে রক্ষার লক্ষে অবিলম্বে বিদ্যালয় মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের নির্দেশনা প্রদান করতে প্রধানমন্ত্রী ও যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
বিদ্যালয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ বন্ধ না করলে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ, বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর সমাবেশ, দুর্নীতিবাজ ও লোভী ব্যক্তিদের অবাঞ্চিত ঘোষণা করাসহ কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় চত্বরে এসে শেষ হয়।
