রুমি, রান্নাঘর : আলুর পাকোড়া খেতে কে না ভালবাসে বলুন। বিকেলের আড্ডায় চায়ের সাথে বা কফির সাথে গরম গরম আলু পাকোড়ার মজা নেয়ার মতো শান্তিময় আর কিছুই নয়। জেনে নিন আরও সুস্বাদু আলু পাকোড়া তৈরির ভিন্নধর্মী সহজ রেসীপি।
উপকরন : ২ টি সেদ্ধ আলু, আধা কাপ চাল ও ডাল একসাথে মেশানো (যে ডাল আপনার পছন্দ), ২ টি পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি স্বাদ মতোও, আধা চা চামচ হলুদ গুড়ো, লবন স্বাদ মতো, ধনেপাতা কুঁচি, আধা চা চামচ আদা রসুন বাটা, তেল ভাজার জন্য
প্রস্তত প্রনালি : চাল ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা গরম পানিতে।এরপর পিষে নিন। একেবারে মিহি করতে হবে না আধা ভাঙ্গা করলেই চলবে। এবার একটি বড় বোলে আলু সেদ্ধ নিয়ে হাত দিয়ে ভালোভাবে ভেঙ্গে নিন। এবার এর সাথে পিষে রাখা চাল ডাল এবং অন্য সব উপকরণ একসাথে মিশান। খুব বেশি নরম হলে ময়দা দিয়ে নিন।এরপর পাকোড়ার মতো তৈরি করে নিন তেলে দিলে যাতে ভেঙ্গে না যায়।
ডুবো তেলে ভাজার জন্য প্যানে তেল গরম করতে দিন। অল্প করে হাতে নিয়ে বড়ার মত করে খুব সাবধানে তেলে দিয়ে দিন। লক্ষ রাখবেন যেন ভেঙ্গে না যায়। এরপর লালচে করে ভেজে তুলে নিন একটি টিস্যুর উপর।
এবার পছন্দের সসের সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু এই ভিন্নধর্মী আলুর পাকোড়া।
