‘রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে’:আ.লীগ

0

সিটিনিউজ ডেস্ক:: নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দুই জ্যেষ্ঠ নেতা।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অপেক্ষমাণ সাংবাদিকদের তারা একথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ফলপ্রসূ হয়েছে।

সংলাপ ফলপ্রসূ হয়েছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সঠিক সময়ে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।’

এর আগে বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

দলের অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচটি ইমাম, ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত প্রস্তাব ও সুপারিশমালা সম্পর্কে সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.