শাহ আমানতে নারীসহ ১৪ জন ভুয়া যাত্রী আটক

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন ১৪ জন যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।  এদের মধ্যে সাতজন নারী।  এরা ভুয়া ওমরাহ যাত্রী বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে বিমানে ওঠার জন্য ইমিগ্রেশনে হাজিরের পর তাদের আটক করা হয়।

পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার পুলিশ সুপার (এসপি-ইমিগ্রেশন) মো.শাহরিয়ার আলম বলেন, সাতজন নারী ওমরাহ ভিসায় সৌদিআরব যাওয়ার চেষ্টা করেছিল।   নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে একজন করে মাহরাম (নিকটাত্মীয়) যেতে হবে।  কিন্তু তারা যে সাত পুরুষকে সঙ্গে এনেছে তারা কেউই নিকটাত্মীয় নন।

‘এতে আমাদের সন্দেহ হলে আমরা ইমিগ্রেশন স্থগিত করে তাদের জিজ্ঞাসাবাদ করি।  তারা স্বীকার করেছে সাতজন কেউই তাদের নিকটাত্মীয় নন। ধারণা করছি এরা সবাই দালাল। এরপর আমরা তাদের বিমানে ওঠার অনুমতি দিইনি। তাদের মধ্যে কেউ মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। ’ বলেন এসপি।

সূত্রমতে, সকাল ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তাদের সৌদিআরব যাওয়ার কথা ছিল।  তাদের পাসপোর্ট, ভিসা ঠিক থাকলেও নিকটাত্মীয় না থাকায় তাদের আটকে দেয়া হয়।

পৌনে দুই ঘণ্টা বিলম্বে এয়ার এরাবিয়ার বিমানটি সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

আটক ১৪ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসপি শাহরিয়ার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.