পটিয়া রাহাত আলী হাই স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া সদরে অবস্থিত আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ছগীর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার শামসুদ্দিন আহমদ। বিশেষ অতিথি পরিচালনা কমিটির সদস্য ফৌজুল করিম ও আবুল হাশেম।
সিনিয়র শিক্ষক বাবু পীযুষ কান্তি পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক এটিএম তোহা, শাহজাদী বিলকিস আকতার, আহমদ শরীফ আজাদ, শাহনাজ বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকান্ডে অংশগ্রহণ করে নিজেকে যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরকে নৈতিকতাবোধে উজ্জীবিত হয়ে আগামীতে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার আহবান জানান।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা এবং বার্ষিক ফলাফল ও উপস্থিতি সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
