ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিৎ-এর নতুন মিউজিক ভিডিও

0

বিনোদন : স্টেজ শো নিয়েই দারুণ ব্যস্ত সময় পার করেছেন গায়ক কুমার বিশ্বজিৎ। আসছে ভালোবাসা দিবসে তিনি তার ভক্ত শ্রোতাদের জন্য নতুন একটি গানের নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিৎ-এর নিজস্ব স্টুডিওতে। গানের কথা লিখেছেন তারেক তুহিন এবং সুর-সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।

গানের কথা হচ্ছে ‘জোছনার বর্ষণে আনমনা এই মনে, ধূসর স্মৃতির খেলা চোখেরই কোণে’। গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হলেও মিউজিক ভিডিও নির্মাণের কাজ হয়নি। গতকাল সন্ধ্যায় কুমার বিশ্বজিৎ-এর বাসায় মিউজিক ভিডিও নির্মাতা চন্দন চৌধুরীর সঙ্গে মিউজিক ভিডিওটি নিয়ে চূড়ান্ত কথা হয়েছে। চলতি সপ্তাহেই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হবে। এতে মডেল থাকলেও কুমার বিশ্বজিৎকেও কিছু কিছু অংশে দেখা যাবে বলে জানালেন কুমার বিশ্বজিৎ। নতুন এই গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানের কথা, সুর খুব ভালো লেগেছে আমার। অনেক দিন পর একটি গানের কথা, সুর আমার প্রাণে ধরেছে। তাই এই গানটিই ভালোবাসা দিবসে আমার ভক্ত শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। আমার বিশ্বাস গানটি সবার মন ছুঁয়ে যাবে।’ কুমার বিশ্বজিৎ জানান গানটি প্রচারে আসছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’র ব্যানারে।

এদিকে আগামী ৯ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ান’, ১০ ফেব্রুয়ারি কুমিল্লা রোটারি ক্লাব, ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ কলেজ এবং ১৮ ফেব্রুয়ারি গলফ ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.