নিজস্ব প্রতিবেদক:: সাত মামলায় অব্যাহতি পাওয়া রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে দুদকের দুই কর্মকর্তা চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রগুলো জমা দেন।
সাতটি মামলার মধ্যে কার্পেন্টার, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও গুডস সহকারী পদে নিয়োগে অনিয়মের মামলায় অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা আজিজুর রহমান ভূঁইয়া।
এছাড়া রেকর্ড কিপার, ট্রেড অ্যাপ্রেন্টিস, শরীরচর্চা শিক্ষক ও রেলওয়ের আদালত পরিদর্শক পদে নিয়োগে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির মামলায় অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আহমেদ রাসেল।
দুদক সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের নির্দেশে সাতটি মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে ও সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ইউসুফ আলী মৃধা এবং রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়াকে আসামি করা হয়েছে। এছাড়া দুর্নীতির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের আসামি করা হয়েছে।
২০১২ সাল থেকে দুই বছর পলাতক ছিলেন ইউসুফ আলী মৃধা। পরে ২০১৪ সালের ৩ মার্চ চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সেই থেকে কারাগারে আছেন মৃধা।
মৃধার বিরুদ্ধে পাঁচটি মামলার অভিযোগপত্র দাখিলের পর ফুয়েল চেকার, সহকারী কেমিস্ট, টুল কিপার, টিকিট ইস্যুয়ার ও ট্রেন নাম্বার চেকার পদে নিয়োগ দুর্নীতির মামলার বিচার শুরু হয়েছে।
