আন্তর্জাতিক ডেস্ক::রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অত্যাচার সম্পর্কিত জাতিসংঘ প্রতিবেদনকে ‘অন্যায্য’ আখ্যায়িত করেছেন মিয়ানমার। সেই সঙ্গে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।
মিয়ানমার সরকারের বিশেষ উপদেষ্টা অং সান সুচির একজন ঘনিষ্ঠ সহযোগী উইন তেইন বুধবার এএফপিকে জানান, ‘এই ধরনের অন্যায্য প্রতিবেদন আমরা পরোয়া করি না। এটা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই।’
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত ইয়াং লি বলেন, রোহিঙ্গাদের ওপর চার মাসব্যাপী অভিযানে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ মানবতাবিরোধী অপরাধ করে থাকতে পারে এবং এ মর্মে দলিল প্রমাণ উপস্থাপন করে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীরা প্রায় ১ হাজার রোহিঙ্গাকে হত্যা করে থাকতে পারে।
এর জবাবে মঙ্গলবার মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মায়া টুন ও বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৬ বাঙালি নিহত হয়েছে। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী বলে মনে করে মিয়ানমার কর্তৃপক্ষ, যদিও কয়েক প্রজন্ম ধরে তারা সেখানে বাস করছেন।
