মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভর্তি ও নিয়োগে বৈষম্যের প্রতিবাদ, জনসংখ্যার আনুপাতিক হারে ভর্তি ও চাকুরীর ক্ষেত্রে পার্বত্য বাঙালি কোটা চালুর দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে আজ সোমবার(৬মার্চ) । পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ এই হরতালের ডাক দেয়।

হরতালের সমর্থনে সকাল থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি, কলেজ গেইট ও ভেদভেদী এলাকায় পিকেটিং করতে দেখা গেছে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীদের। আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে।
হরতালের কারণে রাঙামাটি শহরের আভ্যন্তরীণ ও দুরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ আছে। শহর থেকে উপজেলা বা প্রতিবেশী জেলাগুলোর উদ্দেশ্যে কোন বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। রাঙামাটি জেলা শহর ছাড়াও লংগদু, বাঘাইছড়ি, কাপ্তাই, কাউখালী উপজেলা থেকেও শান্তিপূর্ণ হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ আমাদের হরতাল পালন করছি। যতদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি না মানবে ততদিন আমরা কর্মসূচী পালন করে যাবো এবং আরো কঠোর কর্মসূচী ঘোষণা করব। তিনি বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় ছাত্র শামসুজ্জামান বাপ্পীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হচ্ছে,কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, আমাদের বাড়তি পুলিশ শহরে দায়িত্ব পালন করছে।
