স্পোর্টস ডেস্ক::বেতন নিয়ে বনিবনা না হওয়ায় ফিজিও ডিন কনওয়েকে কদিন আগে বরখাস্ত করে বিসিবি। তার জায়গায় নতুন ফিজিও নিয়োগ দিতে বেশি দেরি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার জাতীয় দলের ফিজিও হিসেবে থিহান চন্দ্রমোহনকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে আপাতত শ্রীলঙ্কা সফরের জন্যই তাতে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয় বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে। পরে তাকে দীর্ঘ মেয়াদের জন্য দলের সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গেছে। তিনি অস্ট্রেলিয়া থেকে আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন।
কিছুদিন আগে থেকেই বিদায়ী ফিজিও কনওয়ের সঙ্গে বিসিবির বিবাদের কথা শোনা যাচ্ছিলো। গত বছরের শেষ দিকে তিনি নিয়োগ পেয়েছিলেন। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০১৯ সাল পর্যন্ত। কিন্তু শ্রীলঙ্কা সফরের কদিন আগে থেকে আর্থিক ব্যাপার স্যাপার নিয়ে তার সঙ্গে ঝামেলা বাঁধে বিসিবির। শ্রীলঙ্কা যাওয়ার জন্য তার টিকেটও কাটা হয়েছিল।
