বিএনপির তৃণমূল নেতৃত্ব ভেঙ্গে দিতে অস্ত্র ব্যবসার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক::বিএনপিকে দুর্বল ও তৃণমূল নেতৃবৃন্দকে মানসিকভাবে হয়রানি করতেই নেতৃবৃন্দকে অস্ত্র ব্যবসার সাথে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে গোয়েন্দা সংস্থার বরাত নিয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ চারজন নেতাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে উল্লেখ করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ডা. শাহাদাত বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই হামলা, মামলার মাধ্যমে নেতাকর্মীদের মানসিক নির্যাতন করছে। তারই অংশ হিসেবে নগর বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজন নেতাকে অস্ত্র ব্যবসার সাথে জড়ানোর চেষ্টা করছে এবং বিএনপিকে নির্মূল করে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে নানাবিধ অপচেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ও সুস্থ ধারার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রদল ও যুবদলের তৃণমূল স্তর থেকে উঠে আসা। তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গোয়েন্দা সংস্থা যে তথ্য উল্লেখ করেছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।

সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানসহ নগর যুবদল, ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.