সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বাবা

0

সিটিনিউজবিডিঃ রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের চক দর্শনপাড়া গ্রামে শনিবার (১১ জুলাই) ভোররাতে ছয় বছরের একমাত্র সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে এক বাবা। নিহত শিশুর নাম আদনান হোসেন। ঘটনার পর খবর পেয়ে রাজশাহীর পবা থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে তার বাবা জসিম উদ্দিনকে আটক করে।

রাজশাহীর পবা থানার উপপরিদর্শক (এসআই) মোনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন পুলিশকে জানিয়েছে বিদেশ যাওয়ার জন্য কিছুদিন আগে তার স্ত্রীর বড় ভাইকে আড়াই লাখ টাকা দেন। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে তার বিদেশ যাওয়া হয়নি।

পরে জসিম উদ্দিন ওই টাকার জন্য স্ত্রী এবং তার ভাইকে চাপ দেন। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় এক সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তার ছেলে আদনান বাবার মায়া ছাড়তে না পেরে তার কাছেই থেকে যায়। কিন্তু শনিবার ভোরে হঠাৎ জসিম উদ্দিন এ হত্যাকাণ্ড ঘটান।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘাতক বাবা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এজন্য দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.