বিনোদন : সড়ক দুর্ঘটনায় ‘দোহার’ ব্যান্ডে প্রধান গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুর তদন্তে নেমে গাড়ির চালক অর্ণব রাওকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) রাতে কলকাতার কসবা থানা এলাকার বোসপুকুর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত শনিবার গুড়াপ থানায় জোরে গাড়ি চালানোর অভিযোগে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কালিকার পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে অর্ণবের বিরুদ্ধে ৩০৪, ৩৩৮ এবং ২৭৯ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ৩৩৮ ধারায় অনিচ্ছাকৃত আঘাত ও ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। ৩০৪ ধারাটি জামিন অযোগ্য। সোমবার অর্ণবকে চুঁচুড়া কোর্টে তোলা হবে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমে। গত মঙ্গলবারের দুর্ঘটনায় আহত হন অর্ণব নিজেও। ঘটনার দু-তিন দিন পর পুলিশকে তিনি জানান, একটি বড় ট্রাক ধাক্কা মারায় তিনি গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। যদিও এখনও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট আসেনি। কিন্তু প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, এমন কোনও ঘটনাটই ঘটেনি।
দুর্ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে পুলিশের ধারণা দৃঢ় হয়, গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে চালাচ্ছিলেন অর্ণব। ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার ছিল তার গতিবেগ। আর যেভাবে নয়ানজুলিতে চিত্পাত হয়ে গাড়িটি পড়েছিল তাতে অন্য কোনও গাড়ির পক্ষে সেটিকে ধাক্কা দেওয়া সম্ভব নয়। বরং সেই মুহূর্তে অর্ণবের ঘুমিয়ে পড়ার সম্ভাবনাই বেশি। পুলিশ জানিয়েছে, হাইওয়েতে গাড়ি চালানোর সর্বোচ্চ সীমা ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার। অর্ণব তা লঙ্ঘন করেছেন। আর তা ছাড়া ভুল তথ্য দিয়ে পুলিশকে ভুল পথে চালনা করারও চেষ্টা করেছিলেন তিনি।
৭ মার্চ সকালে দুর্ঘটনার কালিকাপ্রসাদকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কালিকার সহযাত্রীরা এবং অর্ণব প্রাণে বেঁচে যান।
