সিটিনিউজবিডি : ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি। ফলে বিভাগীয় এ শহরের ঈদের বাজারে ব্যাপক পণ্য ও ক্রেতা সমাগমে কেনাকাটায় মুখর হয়ে উঠেছে।
নগরীর প্রতিটি মার্কেট প্রতিদিনই এখন স্ব স্ব এলাকার ক্রেতাদের ভিড়ে ব্যস্ত হয়ে উঠতে দেখা যাচ্ছে।
ক্রেতা সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীর ব্যস্ত মার্কেট এলাকায় ট্রাফিক জ্যাম বেড়ে গেছে। বিশেষত, পিকচার প্যালেস,ডাকবাংলা, বড় বাজার, ক্লে রোড ও কেডিএ নিউ মার্কেট এলাকায় সম্প্রতি অতিমাত্রায় ভীঁড় জমতে দেখা যাচ্ছে।
নগরীর নিক্সন মার্কেটে জিনিসপত্রের দাম কম হওয়ায় সেখানে মধ্যবিত্তদের আনাগোনা দেখা যায়।
বড় দোকানগুলোর চেয়ে ছোট দোকানগুলোতেই তুলনামূলক বেশি ভীঁড় লক্ষ্য করা যাচ্ছে। বিক্রয় কেন্দ্রগুলো ক্রেতাদের ভীঁড়ে সরগরম হয়ে উঠেছে।
ধনী ক্রেতাদের কেডিএ নিউ মার্কেট ও বড় শপিংমলে ভিড় করতে দেখা গেলেও শনিবার স্বল্প আয়ের ক্রেতাদের তাদের কাঙ্খিত আইটেমের জন্য নগরীর ফুটপাথে ভীঁড় জমাতে দেখা গেছে।
বড় বাজার মার্কেটের কুষ্টিয়া বস্ত্রালয়ের দোকান মালিক আইয়ুব হোসেন বলেন, বাজার ক্রেতাদের ভীঁড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বর্তমান বিক্রিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি জানান, রকমারি জামদানি, মসলিন, সিল্ক, বুটিক, কোটকা শাড়ী ও ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কিরণমালা পোশাকের চাহিদা প্রতিদিনই বাড়ছে।
দোকানের সকল কর্মচারীই ক্রেতাদের কাছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন নিয়ে ব্যস্ত রয়েছে। অনেক ক্রেতাই হাল ফ্যাশনের নানা পোশাক খুঁজে বেড়াচ্ছে।
