নিজস্ব প্রতিবেদক::‘জীবন বাঁচাতে বৃক্ষ, জীবন সাজাতেও বৃক্ষ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চলো বৃক্ষ চিনি, বৃক্ষকে জানি’ শীর্ষক কর্মসূচি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম.এ গফুরের পরিচালনায় ও ইকো ফ্রেন্ডস’র সভাপতি লেখক, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ এপ্রিল) পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ফ্রেন্ডস’র উদ্যোগে সিআরবি মুক্ত উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইকো ফ্রেন্ডস’র সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, পরিবেশকর্মী, চ্যানেল আই’র ব্যুরো চীফ চৌধুরী ফরিদ।
বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী, নূর মোহাম্মদ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক ছগীর আহমদ, শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ ধর, অর্পণ বাংলাদেশের সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, বিজয় ৭১‘র সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী ডা. আর কে রুবেল, বাংলাদেশ বনসাই ক্লাব, চট্টগ্রাম’র সভাপতি এম.জি জাকারিয়া, প্রকৌশলী টিকে সিকদার, পরিবেশ কলামিষ্ট প্রকৌশলী বিজয় চক্রবর্ত্তী, ইকো ফ্রেন্ডস’র সাংগঠনিক সম্পাদক কাইয়মুর রশিদ বাবু ও সেহের অটিজম সেন্টারের পরিচালক তাবাসসুম জেরিন। উপস্থিত ছিলেন লিও ওমর ফারুক সাহেদ, আবু নোমান রানা, সাহাবুদ্দিন রাজু, তাবাস্সুম পিংকি, আবদুল মান্নান হৃদয় প্রমুখ।
ড. এম. এ গফুর বলেন, বৃক্ষের অপর নাম জীবন। বৃক্ষ থেকে নির্গত অক্সিজেন ছাড়া প্রাণী এক মূহুর্তও বাঁচতে পারে না। তিনি ইকো ফ্রেন্ডস’র উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এমন উদ্যোগে বার বার সম্পৃক্ত থাকার ইচ্ছা ব্যক্ত করেন। সভাপতি উত্তম কুমার আচার্য্য বলেন, নগরাঞ্চলের শিক্ষার্থীরা বৃক্ষ সম্পর্কে খুব কমই জানে। অনেকে বিভিন্ন বৃক্ষের নামও জানে না। অথচ বৃক্ষের সাথে জড়িয়ে আছে আমাদের জীবনের অস্তিত্ব। তাই শিক্ষার্থীদের বৃক্ষ চেনানো ও জানানোর জন্য এ আয়োজন। উদ্বোধনী বক্তব্যে চৌধুরী ফরিদ পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। ভবিষ্যতে ইকো ফ্রেন্ডস’র এমন উদ্যোগে চ্যানেল আই সবসময় পাশে থাকবে এমন অঙ্গীকার ব্যক্ত করেন। নগরীর বিভিন্ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী গভীর আগ্রহে ড. এম.এ গফুরের সাথে উদ্যান অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের নাম জেনে নিয়ে তাদের উপকারিতা ও উপযোগিতা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেন।
