দেশের কল্যাণে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন
নিজস্ব প্রতিবেদক::মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকরা দেশের কল্যাণে ঝুঁকি নিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেকার উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (৬এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে পত্রিকা ও সাংবাদিক দুটোই বাড়ছে। এটি ইতিবাচক দিক। পেশাগত দক্ষতার জন্য প্রশিক্ষণ দরকার, অনেক পড়াশোনা করা দরকার, বিশ্বে যা ঘটছে সে সম্পর্কে ধারণা রাখতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, সাংবাদিকতা সমাজের অগ্রবর্তী লোকের পেশা, মূর্খ লোকের পেশা নয়। সাংবাদিকতা কমিটমেন্টের পেশা। দেশ ও জাতির প্রতি এ কমিটমেন্ট। এটি শিক্ষিত লোকের পেশা। জানতে হবে, বুঝতে হবে তারপর লিখতে হবে, বলতে হবে।
তিনি বলেন, পিআইবি সারাদেশের সাংবাদিকদের জন্য প্রশিক্ষণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। পিআইবি প্রশিক্ষণের পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে আরো কাজ করতে আগ্রহী।
তিনি সিইউজে ও প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, যদি চট্টগ্রামের সাংবাদিকরা চায় তবে সাংবাদিকদের জন্য আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি চট্টগ্রামকে সাংবাদিকতার বড় ক্ষেত্র উল্লেখ করে বলেন, চট্টগ্রামের দ্রুত উন্নয়ন হচ্ছে। আগামীতে চট্টগ্রামের সাংবাদিকদের আরো বড় পরিসরে কাজ করতে হবে। তাই এখন থেকে দক্ষতা ও অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুর, সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন,চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, সিনিয়র সাংবাদিক জোবায়র সিকদার, ও পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফইউজের নির্বাহী সদস্য আসিফ সিরাজ, সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, সাংগঠনিক সবুর শুভ প্রমূখ।
উল্লেখ্য , বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট(পিআইবি) এর আয়োজনে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে) এর সহযোগীতায় ৪ থেকে ৬ এপ্রিল তিনদিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিয়েছেন জাতীয় ও চট্টগ্রামের দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকার ৪০ জন রিপোর্টার। সমাপনী দিনে প্রশিক্ষক হিসাবে ছিলেন, সিনিয়র সাংবাদিক সমীর কান্তি বড়–য়া, ওমর কায়সার ও ফারুক ইকবাল।
