কপিলকে হটিয়ে সুনীলের নামে নতুন শো

0

বিনোদন : বিমানের ভেতর কপিলের দুর্ব্যবহারের সূত্র ধরে ‘দ্যা কপিল শর্মা’ শো থেকে বেরিয়ে যান শোয়ের মূল চরিত্রগুলোতে অভিনয় করা সুনীল গ্রোভার, আলী আসগর, চন্দন প্রভাকর। এর নিদারুণ প্রভাব পরে কপিলের শোয়ের টিআরপিতে। একদম হুট করেই আকাশ থেকে মাটিতে নেমে যায় শোয়ের টিআরপি। এরফলে নতুন করে ভাবছে সনি টেলিভিশন কতৃপক্ষ।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর যে, এক অর্থ বছরের জন্য প্রায় ১০৭ কোটি রুপি কপিলকে দিয়েছিল সনি কর্তৃপক্ষ। কিন্তু এখন বিতর্ক তৈরী হওয়ায় কপিলের শোয়ের টিআরপি কমে গেছে। এরফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। তাই লোকসান পোষাতে কপিল শর্মার শোয়ের পরিবর্তে এবার সুনীল গ্রোভারকে কেন্দ্র করে নতুন শো আনতে চলেছে সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন। এর আগে জানা গিয়েছিল, সুনীল নাকি এমন প্রস্তাব দিয়েছেন যে তিনি কপিলের শোয়ে কাজ করতে পারেন তবে তিনি কপিলের সঙ্গে কোনো কথা বলবেন না। এমন কী এক ফ্রেমে কপিলের সঙ্গে থাকতেও রাজি নন সুনীল।

আর এ সিদ্ধান্তের পেছনে আরেকটি কারণ হল কপিলের সঙ্গে বিবাদের পর সনি চ্যানেলের প্রতিপক্ষ কালারস টিভিও (কপিলেরও কালারসের সঙ্গে বিবাদ আছে) সুনীলকে নতুন শো চালু করার জন্য প্রস্তাব দিয়েছে। যদিও সুনীল সে প্রস্তাবে এখনো রাজি হয় নি। তাই সুনীলকে না হারাতে সনি তড়িৎ এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ভারতীয় প্রাইম টাইমের ‘দ্যা কপিল শর্মা শো’ ইতিমধ্যেই টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) হারিয়েছে। ওই শোয়ের মধ্যমণি কপিল হলেও সুনীল গ্রোভার একাধিক চরিত্রে অভিনয় করে রীতিমতো জনপ্রিয়। তার অভাব অল্প দিনেই বুঝে গিয়েছেন চ্যানেল কর্তারা। সুনীল গ্রোভার চাইলেও চ্যানেল কর্তৃপক্ষ তাকে ছাড়তে নারাজ। চ্যানেলের পক্ষে নাকি এমনও বলা হয়েছে যে ওই শো কপিলের নামে হলেও সেটা শুধু কপিলের নয়, চ্যানেল অনেক রুপি বিনিয়োগ করেছে।

চ্যানেলের এই যুক্তি শোনার পরে নাকি সুনীল গ্রোভার জানান, চুক্তি মতো তিনি চ্যানেলের অন্য অনুষ্ঠানে কাজ করতে রাজি। এর পরেই চ্যানেল নাকি সুনীল গ্রোভারকে এমন প্রস্তাবও দিয়েছে যে, কপিলের শো বন্ধ করে সেই জায়গায় সুনীল গ্রোভারের একটি শো নিয়ে আসা হবে। এই খবর যদি সত্যি হয় তবে এটা ভারতীয় টেলিভিশনে এক নতুন নজির তৈরি করবে। ইন্ডিয়া টাইমস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.