নিজস্ব প্রতিবেদক::ক্যানসার আক্রান্ত বর্ষীয়ান সাংবাদিক সিদ্দিক আহমেদ আর নেই। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম জানান, দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত সিদ্দিক আহমেদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৮ মার্চ চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরদিন তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এবং দুপুর ১২টায় রাউজানের গশ্চি হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সিদ্দিক আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান।
সাংবাদিক নেতারা বলেন, খ্যাতিমান সাংবাদিক সিদ্দিক আহমেদের অসময়ে চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। জাতি একজন নিবেদিতপ্রাণ, সৎ ও সাহসী সাংবাদিককে হারিয়েছে।
