বিনোদন : দেশের চলচিত্র ইতিহাসে তুমুল জনপ্রিয় চলচিত্র আয়নাবাজি’র ধারাবাহিকতায় আসছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামে নতুন একটি টিভি সিরিজ। ২৩ এপ্রিল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই টিভি সিরিজের ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, চলচ্চিত্রের মূল বিষয়কে ঘিরেই গড়ে উঠছে টিভি সিরিয়ালের বিষয়বস্তু। গল্পের মূল আবহ থাকছে একজন মানুষের জীবনের বিভিন্ন বিচিত্রময় রূপের সাবলীল উপস্থাপনা। এই বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম প্রায়ই হতে দেখা গেলেও প্রথমবারের মতো বাংলাদেশী কোন চলচ্চিত্র থেকে টিভি সিরিজ বানানো হচ্ছে।
আগামী ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা সাত দিন তিনটি টিভি চ্যানেল জিটিভি, আরটিভি এবং দীপ্ত টিভিতে একইসাথে একই সময়ে প্রদর্শিত হবে এই এক ঘন্টাব্যাপী সাতটি পূর্ণাঙ্গ পর্ব।
দেশের শীর্ষস্থানীয় ও খ্যাতনামা সাতজন পরিচালকের পাশাপাশি ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক ও সরাসরি তত্ত্বাবধানে হবে ধারাবাহিক এই সিরিজটি। অমিতাভ রেজা চৌধুরী থাকছেন সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালটেন্ট হিসেবে। পাশাপাশি সৈয়দ গাউসুল আলম শাওন সিরিজটির ক্রিয়েটিভ কনসালটেন্ট। সিরিজটির যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রডাকসন। নতুন পরিচালকরা হচ্ছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম অংশু এবং রবিউল আলম রবি।
জিটিভির ম্যানেজিং ডিরেক্টও আশরাফ ফায়েজ বলেন, ‘আয়নাবাজি বাংলাদেশের বিনোদন জগতে একটি নতুন মাত্রা সৃষ্টি করেছে। সেই মাত্রার কারণেই দেশ ও বিদেশের ১১৪টি হলে সিনেমাটি প্রায় ২৫ সপ্তাহ ধরে চলেছে। আয়নাবাজি দর্শক চাহিদা অনুযায়ি নিঃসন্দেহে সাফল্যের একটি উল্যেখযোগ্য উদাহরণ।
আরটিভির সিইও, সৈয়দ আশিক রহমান বলেন, ‘কিংবদন্তী চলচ্চিটির সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত। আমাদের দর্শকরা নিজেদের বাসায় বসে আরাম করে বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ছুটিতে এই চলচ্চিত্রের বিস্ময়কে উপভোগ করার সুযোগ করে দিতে আমাদেরও আর তর সইছে না। উল্লেখ্য, দর্শকদের জন্য আয়নাবাজি সিনেমাটিও থাকছে আরটিভির পর্দায় আসন্ন ঈদের দ্বিতীয় দিনে।’
দীপ্ত টিভির সিইও, উরফী আহমদ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে মানুষের ধারনা ও আশা বদলে নিয়ে আয়নাবাজি। এই মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্রটির সিরিজগুলোকে দর্শকদের উপভোগের অন্যতম সহযোগী মাধ্যম হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।
