নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির পাশে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম গোলাম মোস্তফা। তিনি করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম।
সোমবার ভোরে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে গোলাম মোস্তফার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তিনি অলিনগর এলাকার কালাম হুজুর বাড়ির আব্দুল ওয়াদুদ মজুমদারের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, রবিবার রাতে স্থানীয় করেরহাট বাজার থেকে রাতে নিজ মোটরসাইকেলে (নং ফেনী ল ১১-৩১৮৫) গোলাম মোস্তফা বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে রাস্তার উপর এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে ১১ টার সময় তার স্ত্রী তাকে ফোন দিলে সে কিছুক্ষণ পরে বাড়ি ফিরছেন বলে জানায়। বাড়ি না ফেরায় পুনরায় তার স্ত্রী ও ভাই মোবাইলে কল দিলে রিসিভ হয়নি। আজ সোমবার ভোরে বাড়ির সামনে রাস্তায় তার রক্তমাখা নিথর দেহ দেখতে পান তারা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, সোমবার ভোরে খবর পেয়ে বাড়ির সামনে রাস্তার ওপর থেকে মোস্তফার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহবুবুর রহমান জানান, মোস্তফা রাজনীতির পাশাপাশি বালু ও পোলট্রি ব্যবসা করতেন। জমি নিয়ে মোস্তফার পারিবারিক বিরোধ ছিল বলে খবর পেয়েছি। তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হবে। লাশের ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
