নগরীতে দু’দিনব্যাপী যাকাত ফেয়ার ১৯ ও ২০ মে

0

নিজস্ব প্রতিবেদক::সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে ত্বরান্বিত করতে যাকাতের বিষয়টি জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী পঞ্চম যাকাত ফেয়ার- ২০১৭। যাকাত ফেয়ারের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’। ১৯ ও ২০ মে নগরীর চিটাগাং ক্লাবে এ ফেয়ার অনুষ্ঠিত হবে। চলবে প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত।
এ উপলক্ষে সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১১ টায় চিটাগাং সিনিয়র’স ক্লাবে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মাহবুবুর রহমান।
তিনি বলেন, মুসলমানদের সমাগগ্রিক শক্তি বৃদ্ধি করা ও দারিদ্র বিমোচনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশের মত মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত দেশে যাকাত সামাজিক নিরাপত্তার একটি অন্যতম নিয়ামক। তিনি দেশের সুধীজন এবং বিত্তশালীদের ফেয়ার পরিদর্শনের আহবান জানান।
সমাজের মধ্যে যদি যাকাত সঠিকভাবে বন্টন করা যায়, তাহলে দারিদ্র থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, সত্তরের দশকের পর থেকে দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন মডেলের উদ্ভাবন হয়েছে, বিভিন্ন এনজিও কাজ করছে কিন্তু স্বয়ং আল্লাহ তায়ালার দেয়া মডেল আমরা কেউ নিচ্ছিনা। আমাদের দেশীয় এ মডেলটা সম্পর্কে বিশ্বের অনেক দেশ থেকে আগ্রহ প্রকাশ করছে। ইতোমধ্যে আফ্রিকা থেকে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, সিজেডএম’র এর কাজ হচ্ছে যাকাত প্রদানে সমর্থ ব্যাক্তিদের যাকাত প্রদানে উদ্ধুদ্ধ করা এবং বিভিন্ন ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকে যাকাত বিষয়ক পরামর্শ দেয়া।
দু’দিনব্যাপী যাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান প্রথমদিন ১৯ মে সকাল ১০ টায় চিটাগং ক্লাবে অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল সাড়ে ৩ টায় রয়েছে মহিলাদের জন্য প্রশ্নোত্তর সেশন। মেলার দ্বিতীয় দিন সকাল ১০ টায় রয়েছে ‘দারিদ্র বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার। এত মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিজেডএম’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিঞা। এদিন বিকাল ৩ টায় গোলটেবিল বৈঠক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং পিপিআরসি’র চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
উল্লেখ্য, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ( সিজেডএম) আয়োজিত যাকাত ফেয়ার আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে এ কে খান এন্ড কোম্পানি লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড,কোহিনুর কেমিক্যালস এবং মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আজাদী,নয়া দিগন্ত.দ্য ডেইলি স্টার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.