বাপ্পারাজকে পরিচালক সমিতির নোটিশ

0

বিনোদন : জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পরিচালক হিসেবেও তার সুনাম রয়েছে। চিত্রনায়ক শাকিব খানের পর এবার বাপ্পারাজের কাছে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগে গতকাল (১৪ মে) পরিচালক সমিতি থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

বাপ্পারাজের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে ‘দৈনিক কালেরকণ্ঠ’ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় যে সাক্ষাৎকার প্রদান করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যবধি কোনো প্রতিবাদলিপি প্রেরণ করেননি বা দুঃখ প্রকাশও করেননি। তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন।

এমতাবস্থায় গঠনতন্ত্রের ৫ (ক) ধারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নোটিশের সঙ্গে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বাপ্পারাজের দেয়া সাক্ষাতকারের কপি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নায়ক বাপ্পারাজ বলেন, পরিচালক সমিতি থেকে আমি নোটিশ পেয়েছি। এর উত্তর দেওয়ার ব্যবস্থা করছি। এর বেশি কিছু এখন বলতে চাচ্ছি না।

এর আগে চিত্রনায়ক শাকিব খান একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল পরিচালক সমিতি। এরপর শাকিব দুঃখ প্রকাশ করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.