সানিকে স্ত্রীর সঙ্গে সমঝোতার নির্দেশ

0

স্পোর্টস ডেস্ক::নারী নির্যাতনের মামলায় আগামী ১০ দিনের মধ্যে স্ত্রী নাসরিনের সঙ্গে সমঝোতা করতে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন।

এর আগে আজ পর্যন্ত জামিনে ছিলেন সানি। মেয়াদ শেষে তাঁর আইনজীবী আবার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়ান এবং সানিকে সমঝোতার নির্দেশ দেন।

সানির আইনজীবী এম জুয়েল আহমেদ  বিষয়টি জানিয়ে বলেন, গত ৯ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নারী নির্যাতনের মামলায় সানিকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সে জামিনের মেয়াদ আজ শেষ হয়। এ জন্য সানির পক্ষে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি মামলায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেন। পরে আবার ১৫ মার্চ সানি একই আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হন।

১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন বিচারক রেজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

চলতি বছরের ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এর পর সানিকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ডে দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.