সিটিনিউজবিডি : সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে সেনা অভিযানে কমপক্ষে ১৯ জঙ্গি প্রাণ হারিয়েছেন। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এই খবরটি জানানো হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, নিহত সন্ত্রাসবাদীরা সকলেই স্বঘোষিত ‘আর্মি অব কংকোয়েস্ট’ গোষ্ঠীর সদস্য। ২৪ ঘন্টার সংঘর্ষে হামার সাহল আল-গাব অঞ্চলে তারা নিহত হন। জঙ্গিদের নিহতের খবর সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
এই অঞ্চলে সপ্তাহখানেক আগে আল-কায়েদার ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্ট সামরিক অভিযান শুরু করেছিল। তারা ওই এলাকার বেশ কয়েকটি পাহাড় ও একটি বিদ্যুৎকেন্দ্র সহ ১৭টি জায়গা দখল করে নেয়। সিরিয়ান অবজারভেটরি বলছে, বিদ্যুৎকেন্দ্র সহ বেশ কয়েকটি স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
