নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ ও ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার আলাদা তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তিচ্ছু প্রার্থীরা ১২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে চারটি ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘সি’ ইউনিটের (ব্যবসায় অনুষদ) পরীক্ষা ২৬ অক্টোবর, ‘ডি’ ইউনিটের (বিভাগ পরিবর্তন, আইন ও শিক্ষা অনুষদ) ২৬ অক্টোবর, ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা) ২৮ অক্টোবর ও ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি পরীক্ষার আবেদন ফি ১২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে ইউনিট প্রতি আবেদন ফি জমা দেয়া যাবে।
সূত্রে জানা গেছে, এবার ইউনিট প্রতি আবেদন ফি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ব্যাংক চার্জ ও সার্ভিস চার্জও যুক্ত হবে। ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকাসহ বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ১১ সেপ্টেম্বর থেকে জানা যাবে।
বিশ্ববদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা জানান, এবছর ‘ডি’ ইউনটে অর্থাৎ বিভাগ পরিবর্তনে অভিন্ন প্রশ্নপত্রে (বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও ভাষা জ্ঞান দক্ষতা) পরীক্ষা হবে। তবে এতে আইন বিভাগসহ অন্যান্য বিভাগের ভর্তির জন্য বেশ কিছু শর্ত থাকবে। অন্য ইউনিটগুলোতে মানবন্টনে কিছুটা পরিবর্তন থাকবে।
