আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো এশিয়া সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি এশিয়া মহাদেশ সফর করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল এরাবিয়া জানায়, ১২ দিনের এই সফরে তিনি এশিয়ার ৫টি দেশ ভ্রমণ করবেন।
এশিয়া সফরকালে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন সফর করবেন। তবে সফরের এবারের তালিকায় ভারত কিংবা বাংলাদেশের নাম নেই। রয়টার্স জানায়, আগামী ৩ নভেম্বর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তিনি সফর শুরু করবেন। যা শেষ হবে ১৪ নভেম্বর।
এশিয়া সফরে ট্রাম্প এই অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উপর গুরুত্ব দেবেন বলে রয়টার্স জানিয়েছে। এ সময় তিনি ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন বা এপিইসি সম্মেলনে অংশ নেবেন। পরে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আসিয়ানের সম্মেলনে ট্রাম্প যোগ দেবেন।
ট্রাম্পের সফর সূচীতে প্রথমে জাপানের নাম রয়েছে। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।
